জুলাই বিপ্লবের শহীদদের স্মৃতি রক্ষায় ‘নির্ভীক জুলাই’ মনুমেন্ট তৈরি করায় ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন ডাকসু নেতাদের কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে বলে অভিযোগ করেছেন ডাকসুর ভিপি সাদিক কায়েম। একটি টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে বিশ্ববিদ্যালয় প্রশাসনের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করে তিনি এই তথ্য জানান।
ডাকসু ভিপি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকেই জুলাই অভ্যুত্থানের সূচনা হলেও ক্যাম্পাসে শহীদদের স্মরণে কোনো স্থায়ী স্মৃতিস্তম্ভ নির্মাণে বিশ্ববিদ্যালয় প্রশাসন দৃশ্যমান কোনো উদ্যোগ নেয়নি। এ কারণে ডাকসুর পক্ষ থেকে ৫০টিরও বেশি শহীদ পরিবারকে সঙ্গে নিয়ে ‘নির্ভীক জুলাই’ মনুমেন্ট এবং অতীত নিপীড়নের স্মারক হিসেবে ‘আর্তনাদ চত্বর’ তৈরি করা হয়। তবে এই কাজের জন্য উল্টো বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের শোকজ নোটিশ পাঠিয়েছে।
তিনি আরও অভিযোগ করেন, নির্বাচিত ছাত্র সংসদের সঙ্গে বিশ্ববিদ্যালয় প্রশাসন শুরু থেকেই অসহযোগিতাপূর্ণ আচরণ করে আসছে। শিক্ষার্থীদের খেলার মাঠ সংস্কারের দুই কোটি টাকা দীর্ঘ দিন ব্যাংকে ফেলে রাখা হয়েছে এবং আধুনিক জিমনেসিয়ামের উদ্বোধন ও দূরপাল্লার বাস চালুর অনুমোদনও দীর্ঘসূত্রতায় আটকে আছে। এত প্রতিকূলতার পরও শিক্ষার্থীদের অধিকার আদায় ও আবাসন সংকট নিরসনে ডাকসু নিরলস কাজ করে যাচ্ছে বলে তিনি উল্লেখ করেন।


























