বয়স ও জনপ্রতিনিধির ব্যস্ততাকে পেছনে ফেলে ৪৭ বছর বয়সে এইচএসসি পাস করেছেন গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের সদস্য আমিনুল ইসলাম। জিপিএ-৪.৬৩ পেয়ে তার এই উত্তীর্ণ হওয়ার খবর এলাকায় ব্যাপক আনন্দ ও অনুপ্রেরণার সৃষ্টি করেছে।
১৯৯৯ সালে মাওনা বহুমুখী উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাস করার পর জীবন ও জীবিকার তাগিদে দীর্ঘ সময় পড়াশোনা থেকে দূরে ছিলেন তিনি। পরবর্তীতে জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব পালনকালে শিক্ষার প্রয়োজনীয়তা তীব্রভাবে উপলব্ধি করেন এবং ২০২৪-২৫ শিক্ষাবর্ষে গাজীপুর মহানগরীর পুবাইল এলাকার সিটি ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড ইনস্টিটিউটে ভর্তি হন।
আমিনুল ইসলাম জানান, দিনের ব্যস্ততা ও মানুষের সেবা শেষে রাতে নিয়মিত পড়াশোনা করে তিনি এই সাফল্য অর্জন করেছেন। সুযোগ পেলে ভবিষ্যতে স্নাতক পর্যায়ে পড়াশোনা চালিয়ে যাওয়ারও ইচ্ছে রয়েছে তার। তার এই সাফল্যে স্থানীয় জনপ্রতিনিধি ও উপজেলা প্রশাসন তাকে সাধুবাদ জানিয়েছে।




















