এমপিওভুক্ত সব শিক্ষাপ্রতিষ্ঠান শর্তহীনভাবে জাতীয়করণ, নবম পে-স্কেল অনুযায়ী বেতন-ভাতা প্রদান এবং অবসর সুবিধার অর্থ এককালীন পরিশোধসহ ছয় দফা দাবি বাস্তবায়িত না হলে ধারাবাহিক কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দিয়েছে বাংলাদেশ মাদরাসা শিক্ষক-কর্মচারী ফোরাম (বামাশিকফো)।
ভোলার চরফ্যাশনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সংগঠনের সভাপতি অধ্যক্ষ মাওলানা দেলাওয়ার হোসেন আজিজী এই অবস্থান ব্যক্ত করেন। তিনি বলেন, দেশের ছয় লক্ষাধিক এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারী শিক্ষাব্যবস্থার উন্নয়নে দিনরাত কাজ করলেও সরকারি কর্মচারীদের তুলনায় নানা আর্থিক বৈষম্যের শিকার হচ্ছেন।
শিক্ষক নেতা আজিজী উল্লেখ করেন, অবিলম্বে এমপিওভুক্ত শিক্ষকদের জন্য সরকারি হারের অনুরূপ বাড়িভাড়া, চিকিৎসা ভাতা ও উৎসব ভাতা নিশ্চিত করতে হবে। এ ছাড়া স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা জাতীয়করণ এবং শিক্ষার্থীদের জন্য উপবৃত্তি ও মিড-ডে মিল চালু করার জোর দাবি জানান তিনি।
আগামী ৩১ অক্টোবরের মধ্যে শিক্ষকদের অবসর ও কল্যাণ সুবিধাদি এককালীন পরিশোধের ঘোষণা দেওয়ার আহ্বান জানানো হয়। নির্দিষ্ট সময়ের মধ্যে এসব দাবির দৃশ্যমান অগ্রগতি না হলে সারা দেশে টানা আন্দোলন কর্মসূচি শুরুর কথা পুনর্ব্যক্ত করেন তিনি।


























