নতুন গানটিতে মূল গানের প্রথম দুই লাইন ব্যবহার করা হয়েছে। তাই নাম দেওয়া হয়েছে ‘আমি পাথরে ফুল ফোটাব ২.০’।
সংগীতশিল্পী ইমরান মাহমুদুল ও নাজমুন মুনিরা ন্যান্সির কণ্ঠে নতুন আয়োজনে আসছে ‘আমি পাথরে ফুল ফোটাব ২.০’।
অনুপম মিউজিকের বিশেষ আয়োজনে প্রচার পাবে গানটি। বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি জানিয়েছে, নতুন বছরের শুরুতেই অনুপম মিউজিকের ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে গানটি।
নতুন গানটিতে মূল গানের প্রথম দুই লাইন ব্যবহার করা হয়েছে। তাই নাম দেওয়া হয়েছে ‘আমি পাথরে ফুল ফোটাব ২.০’।
১৯৯৭ সালে মুক্তি পাওয়া ‘শেষ ঠিকানা’ সিনেমার গান এটি। এন্ড্রু কিশোরের কণ্ঠ, মিল্টন খন্দকারের লেখা এবং আলম খানের সুরে করা গানটি পেয়েছিল কালজয়ী জনপ্রিয়তা। গানে ঠোঁট মিলিয়েছিলেন অমিত হাসান ও শাবনূর।
নতুন গানটির সংগীতায়োজন করেছেন ইমরান মাহমুদুল। গানটি লিখেছেন আহমেদ রিজভী।
সম্প্রতি ইমরানের স্টুডিওতে শেষ হয়েছে গানের রেকর্ডিং। গানটি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে ইমরান বলেন, ‘‘আমি পাথরে ফুল ফোটাব খুব জনপ্রিয় একটি গান। সেই গানের হুকলাইন ব্যবহার করে নতুনভাবে লেখা ও সংগীতায়োজন করা হয়েছে। সবচেয়ে ভালো লাগার বিষয় অনেক দিন পর ন্যান্সি আপুর সঙ্গে গান করেছি। বিশ্বাস করি এই গানটি সবাই পছন্দ করবেন।’’
গানটি নিয়ে ন্যান্সি বলেন, ‘‘আমি পাথরে ফুল ফোটাবো গানটি শ্রোতার অনেক পছন্দের। নতুন গানটির কথা অসাধারণ। শ্রোতারা এমন গানের জন্যই অপেক্ষা করেন। এটি নিয়ে শ্রোতামহলে ইতোমধ্যে তৈরি হয়েছে প্রত্যাশা। আশা করছি, নতুন আয়োজনের গানটিও শ্রোতার ভালো লাগবে।’’
গেল সেপ্টেম্বরে একইভাবে নতুন আয়োজনে প্রচার হয়েছিল ‘প্রেমের জ্বালা’ সিনেমার জনপ্রিয় গান ‘আসসালামালাইকুম বিয়াইন সাব’। গানের নাম ‘আসসালামালাইকুম বিয়াইন সাব ২.০’। এতে কণ্ঠ দিয়েছিলেন সৈয়দ অমি ও দিলশাদ নাহার কনা।
















