সিরাজগঞ্জ শহর এলাকায় স্কুল ও কলেজের ক্লাস ফাঁকি দিয়ে শিক্ষার্থীদের যত্রতত্র ঘোরাঘুরি ও অসামাজিক আড্ডা বন্ধে বিশেষ অভিযান চালিয়েছে পুলিশ। অভিযানকালে ক্লাস ফাঁকি দিয়ে কাশবনে আড্ডারত বেশ কয়েকজন শিক্ষার্থীকে সতর্ক করা হয় এবং পরবর্তীতে তাদের নিজ নিজ বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়।
রোববার (৪ অক্টোবর) দুপুরে সিরাজগঞ্জ শহরের চরমালশাপাড়া সংলগ্ন যমুনা নদীর ক্রসবার-৩ এলাকায় এই আকস্মিক অভিযান পরিচালনা করে সিরাজগঞ্জ সদর থানা পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, সিরাজগঞ্জ শহরের অন্যতম জনপ্রিয় দর্শনার্থী কেন্দ্র হিসেবে পরিচিত যমুনা নদীর ক্রসবার-৩ এলাকা। শরৎকালে এই এলাকার বিস্তীর্ণ প্রান্তরজুড়ে ফোটা সাদা কাশফুল দেখতে প্রতিদিন দূর-দূরান্ত থেকে পরিবার-পরিজন নিয়ে বহু বিনোদনপ্রেমী মানুষ ঘুরতে আসেন। তবে দীর্ঘদিন ধরে অভিযোগ উঠছিল যে, বিভিন্ন স্কুল ও কলেজের একশ্রেণীর শিক্ষার্থী নিয়মিত ক্লাস ফাঁকি দিয়ে এই এলাকায় গিয়ে অনৈতিক উদ্দেশ্যে ভিড় জমায় ও অনাকাঙ্ক্ষিত আড্ডায় মেতে ওঠে। অনেক সময় তাদের অসামাজিক অবস্থাতেও দেখা যায়। স্থানটির পরিবেশ ও শিক্ষার্থীদের নিরাপত্তা রক্ষায় স্থানীয়দের এমন সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে রোববার দুপুরে সেখানে পুলিশ অভিযান পরিচালনা করে।
অভিযান পরিচালনাকালে দেখা যায়, কিছু শিক্ষার্থী ক্লাস ফাঁকি দিয়ে কাশবনের ভেতরে আড্ডা দিচ্ছে। পরে পুলিশ সদস্যরা তাদের হাতেনাতে ধরে ক্লাস ফাঁকি দেওয়ার ক্ষতিকর দিক বুঝিয়ে কঠোরভাবে সতর্ক করেন এবং সরাসরি বাড়িতে ফিরে যাওয়ার নির্দেশ দেন।
স্কুল-কলেজগামী শিক্ষার্থীদের ক্লাস ফাঁকি দেওয়া বন্ধে এ ধরনের আকস্মিক অভিযান পরিচালনার বিষয়টি নিশ্চিত করেছেন সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান।


























