প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় অনিয়ম, দলীয়করণের অপচেষ্টা এবং পুলিশ ভেরিফিকেশনের নামে যোগ্য ও মেধাবী প্রার্থীদের বাদ দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ইসলামী ছাত্রশিবির। রোববার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে বিশ্ববিদ্যালয়ের জিয়া মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে প্রধান ফটকের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। এতে শাখা সেক্রেটারি রাশেদুল ইসলাম রাফিসহ সংগঠনের শতাধিক নেতাকর্মী অংশ নেন।
সমাবেশে বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, বিগত সরকারের আমলে যেভাবে মেধাবী শিক্ষার্থীদের বঞ্চিত করে দলীয় বিবেচনায় নিয়োগ দেওয়া হতো, বর্তমান নিয়োগ প্রক্রিয়ায় তার ছায়া দেখতে পাওয়া যাচ্ছে। অবিলম্বে এই ধরনের দলীয়করণ বন্ধ করে শতভাগ মেধা ও যোগ্যতার ভিত্তিতে শিক্ষক নিয়োগ নিশ্চিত করার জোরালো দাবি জানান তারা।
শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি মো. রাশেদুল ইসলাম রাফি তার বক্তব্যে বলেন, শিক্ষক নিয়োগে দলীয়করণ এবং পুলিশ ভেরিফিকেশনের নামে মেধাবী শিক্ষার্থীদের হয়রানি করা কোনোভাবেই বরদাস্ত করা হবে না। ভাইভা ও এনটিআরসিএ নম্বরে কারচুপি করে বৈষম্য সৃষ্টির অপচেষ্টা চালালে তা রুখে দেওয়া হবে। চব্বিশের গণঅভ্যুত্থানের মূল চেতনা ছিল মেধার মূল্যায়ন, তাই কোনো ধরনের হয়রানি ছাড়াই উত্তীর্ণ সব যোগ্য প্রার্থীকে অবিলম্বে মেধানুসারে নিয়োগ দেওয়ার দাবি জানান তিনি।


























