আটজন শিক্ষক মিলে সর্বাত্মক চেষ্টা করেও পাস করাতে পারেননি প্রতিষ্ঠানের একমাত্র এইচএসসি পরীক্ষার্থীকে। পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার এমপিওবিহীন মজিদবাড়িয়া কলেজে এমন এক আশ্চর্যজনক ঘটনা ঘটেছে। ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় রাজু আহমেদ নামের একমাত্র ওই শিক্ষার্থী এক বিষয়ে ফেল করায় প্রতিষ্ঠানটির পাসের হার শূন্যে নেমে গেছে।
উপজেলার মজিদবাড়িয়া ইউনিয়নের সুলতানাবাদ গ্রামে অবস্থিত কলেজটিতে বর্তমানে বিনা বেতনে আটজন শিক্ষক পাঠদান চালিয়ে যাচ্ছেন। ২০০২ সালে প্রতিষ্ঠিত এই কলেজটি দীর্ঘ ২৪ বছরেও এমপিওভুক্ত হতে পারেনি। নিজস্ব কোনো পাকা ভবন না থাকায় বর্তমানে একটি জীর্ণ টিনশেড ঘরেই চলছে শিক্ষা কার্যক্রম। অবকাঠামোগত ও সুযোগ-সুবিধার তীব্র সংকটের কারণে শিক্ষার্থীরা এখানে ভর্তি হতে আগ্রহ দেখায় না বলে কর্তৃপক্ষ জানিয়েছে।
কলেজের অধ্যক্ষ মো. ফারুক ইকবাল জানান, শুরুর দিকে শিক্ষার্থী সংখ্যা সন্তোষজনক হলেও দীর্ঘ ২৪ বছরেও এমপিওভুক্ত না হওয়া এবং চরম সংকটের কারণে দিন দিন ছাত্র-ছাত্রী কমে যাচ্ছে। মেধাবী শিক্ষার্থীরা এখন আর এখানে ভর্তি হতে চায় না।
উপজেলা একাডেমিক সুপারভাইজার মোস্তাফিজুর রহমান জানান, এবারের পরীক্ষায় ওই কলেজ থেকে মাত্র একজনই অংশ নিয়েছিল, যিনি এক বিষয়ে অকৃতকার্য হওয়ায় শতভাগ শিক্ষার্থীই ফেল করেছে।


























