বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটির নির্বাচন স্থগিত সংক্রান্ত জারি করা পরিপত্র অনতিবিলম্বে প্রত্যাহার করে নির্বাচনের তফসিল ঘোষণার জোর দাবি জানিয়েছে অভিভাবক ঐক্য ফোরাম। অন্যথায় অভিভাবকদের পক্ষ থেকে আইনি পদক্ষেপসহ কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
শনিবার ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামানের সঙ্গে মতবিনিময়কালে সংগঠনের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. জিয়াউল কবির দুলু ও সাধারণ সম্পাদক মো. সেলিম মিয়া এ দাবি জানান। বৈঠকে সারা দেশের শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচন স্থগিত হওয়ার প্রেক্ষাপটে সৃষ্ট সংকট নিয়ে আলোচনা হয়।
এ সময় ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান জানান, বিগত সরকারের আমলে প্রণীত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনার প্রবিধানমালা সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে এবং সংশোধিত নীতিমালা মন্ত্রণালয়ে জমা দেওয়া হয়েছে। তা চূড়ান্ত না হওয়ায় নির্বাচন স্থগিতের পরিপত্র জারি করতে হয়েছে। তবে দ্রুতই এটি চূড়ান্ত করে নির্বাচনের পথ সুগম করা হবে বলে তিনি আশ্বাস দেন।
মতবিনিময়কালে অভিভাবক ঐক্য ফোরামের নেতারা প্রবিধানমালায় অনিয়ম ও দুর্নীতির দায়ে গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটির সভাপতি এবং সদস্যদের বিরুদ্ধে শাস্তির বিধান যুক্ত করাসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রস্তাব পেশ করেন। প্রস্তাবগুলোর মধ্যে রয়েছে—পঞ্চম, দশম ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের অভিভাবকদের কমিটিতে অন্তর্ভুক্ত না করা, কেবল এমপিওভুক্ত শিক্ষকদের শিক্ষক প্রতিনিধি হওয়া এবং অ্যাডহক কমিটির দায়িত্বে থাকা ব্যক্তিদের নির্বাচনে অংশ না নেওয়ার বাধ্যবাধকতা নিশ্চিত করা।


























