ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী বিজয়ী না হলে সংশ্লিষ্ট ইউনিয়নে সরকারের কোনো উন্নয়ন বরাদ্দ না দেওয়ার বিষয়ে জাতীয় সংসদের চিফ হুইপ ও বরগুনা-২ আসনের সংসদ সদস্য নূরুল ইসলাম মনির দেওয়া বক্তব্যের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এক বিবৃতিতে এ প্রতিবাদ জানান। তিনি বলেন, গত ১৫ অক্টোবর বরগুনার বামনায় এক দলীয় কর্মীসভায় চিফ হুইপ বক্তব্য দেন যে দলীয় প্রার্থী না জিতলে তিনি কোনো কাজ দেবেন না। তাঁর এমন বক্তব্য অত্যন্ত দায়িত্বজ্ঞানহীন এবং সংসদ সদস্য হিসেবে নেওয়া সাংবিধানিক শপথের স্পষ্ট বরখেলাপ।
বিবৃতিতে আরও বলা হয়, এই ধরনের হুমকি স্থানীয় সরকার কাঠামোর ওপর সরাসরি হস্তক্ষেপ, নির্বাচনি আচরণবিধির চরম লঙ্ঘন এবং জনগণের স্বাধীন ভোটাধিকারের ওপর চাপ সৃষ্টির শামিল। জামায়াত নেতা সংশ্লিষ্ট সবাইকে এ ধরনের অগণতান্ত্রিক বক্তব্য থেকে বিরত থাকার আহ্বান জানান।


























