খুলনা মহানগরীর সদর থানাধীন শেরে বাংলা নগরের বকুলতলা বাজার এলাকায় প্রকাশ্যে দিনদুপুরে এক ব্যক্তিকে লক্ষ্য করে গুলির ঘটনা ঘটেছে। শনিবার বিকেলে একটি চায়ের দোকানের সামনে হেলমেট পরিহিত এক মোটরসাইকেল আরোহী সন্ত্রাসী অতর্কিতে অপর একটি মোটরসাইকেলকে লক্ষ্য করে এক রাউন্ড গুলি চালায়। তবে গুলি লক্ষ্যভ্রষ্ট হওয়ায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
গোয়েন্দা সূত্র জানিয়েছে, খুলনার শীর্ষ সন্ত্রাসী গ্রুপ ‘বি কোম্পানি’র সদস্য হিসেবে পরিচিত সাহেল ছিলেন এই হামলার মূল নিশানা। তিনি লবণচরা এলাকার সাচিবুনিয়া গ্রামের বাসিন্দা বাবুলের ছেলে। তবে কী কারণে বা কারা এই সশস্ত্র হামলা চালিয়েছে, সে বিষয়ে এখনো স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি।
স্থানীয় পর্যায়ে এলাকায় প্রভাব ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই হামলার ঘটনা ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনার পরপরই হামলাস্থল থেকে ব্যবহৃত গুলির একটি খোসা উদ্ধার করা হয়েছে।
খবর পেয়ে খুলনা সদর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রাথমিক তদন্ত সম্পন্ন করে। তবে এ ঘটনায় জড়িত কাউকে তাৎক্ষণিকভাবে আটক করা সম্ভব হয়নি।
ঘটনার সত্যতা স্বীকার করে খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লোকমান হোসেন জানান, বকুলতলা এলাকায় গুলির ঘটনা ঘটলেও কেউ হতাহত হননি। কারা এবং কী উদ্দেশ্যে এ ঘটনা ঘটিয়েছে, তা খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হচ্ছে।


























