ন্যায্য মজুরির দাবিতে মিরপুরে পোশাকশ্রমিকদের চলমান বিক্ষোভ ও অসন্তোষের ঘটনায় এখন পর্যন্ত মোট পাঁচটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশের এডিশনাল ডিআইজি মহিদুল ইসলাম গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, আন্দোলনের সূত্র ধরে আজ সকাল থেকে মিরপুরের বিভিন্ন এলাকা থেকে মোট ২৯ জনকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। শ্রমিক আন্দোলনের আড়ালে কেউ যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সেজন্য পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।
মহিদুল ইসলাম আরও বলেন, বর্তমানে মিরপুরের সড়কগুলোর পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে এবং যান চলাচলও স্বাভাবিক রাখা হয়েছে। রাজনৈতিক পরিচয়ের আড়ালে কেউ যাতে অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে না পারে, সে বিষয়ে কঠোর অবস্থান নিয়েছে পুলিশ।


























