জুলাই সনদ বাস্তবায়িত না হওয়ার জন্য সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের দায় রয়েছে বলে মন্তব্য করেছেন পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য মাসুদ সাঈদী। তিনি বলেন, তৎকালীন সময়ে তাঁদের দেওয়া পরামর্শ অনুযায়ী আগে গণভোট আয়োজন করা হলে দেশে নতুন করে ফ্যাসিবাদী ধারার পুনরাবৃত্তি ঘটত না।
শনিবার দুপুরে পিরোজপুরের জিয়ানগর উপজেলার রাজিয়া রশিদ দাখিল মাদ্রাসা মাঠে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। স্থানীয় নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত চেয়ারম্যান প্রার্থী আব্দুল মান্নান শিকদারের সমর্থনে এ সভার আয়োজন করা হয়।
মাসুদ সাঈদী বলেন, সংসদ নির্বাচনে নানা ষড়যন্ত্রের কারণে জামায়াতকে প্রত্যাশিত জায়গায় যেতে দেওয়া হয়নি। ছাত্র-জনতার ঐতিহাসিক অভ্যুত্থানের যে লক্ষ্য ও জুলাই সনদে যেসব প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, বর্তমান বিএনপি সরকার ক্ষমতায় আসার পর তা থেকে দূরে সরে যাচ্ছে বলে তিনি অভিযোগ তোলেন।
তিনি আরও উল্লেখ করেন, জুলাই সনদ যথাযথভাবে কার্যকর হলে চাঁদাবাজি, জুলুম ও দুর্নীতি চিরতরে বন্ধ করা সম্ভব হতো। কিন্তু সরকার মুখে বাস্তবায়নের কথা বললেও বাস্তবে কোনো দৃশ্যমান অগ্রগতি দেখা যাচ্ছে না। তিনি প্রশ্ন রেখে বলেন, এ সনদ বাস্তবায়নে সরকারের প্রকৃত বাধা কোথায়?
জিয়ানগর উপজেলা জামায়াতের সাবেক পুলিশ সুপার আব্দুর রশিদের সভাপতিত্বে মতবিনিময় সভায় উপজেলা জামায়াতের আমির মাওলানা আলী হোসেন ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মামুন হোসাইনসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


























