কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার মোকারিমপুর ইউনিয়নে রামকৃষ্ণপুর এলাকায় অবস্থিত বাংলাদেশ-ভারত বিদ্যুৎ সঞ্চালন কেন্দ্র সংলগ্ন এলাকা থেকে অবৈধভাবে মাটি উত্তোলনের অভিযোগে দুজনকে আটক করা হয়েছে।
ভেড়ামারা থানা ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, শুক্রবার ভোর রাতে ভেড়ামারা উপজেলার মোকারিমপুর ইউনিয়নের রামকৃষ্ণপুর এলাকায় অবস্থিত পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি এর আওতাধীন অত্যন্ত স্পর্শকাতর ও কেপিআইভুক্ত স্থাপনা বাংলাদেশ-ভারত বিদ্যুৎ সঞ্চালন কেন্দ্র সংলগ্ন এলাকায় অবৈধভাবে মাটি উত্তোলনের অভিযোগ পাওয়া যায়।
বাংলাদেশ-ভারত বিদ্যুৎ সঞ্চালন কেন্দ্রের নিকটবর্তী সরকারি মালিকানাধীন উন্মুক্ত স্থান থেকে রাতের আঁধারে অবৈধভাবে মাটি উত্তোলনের অপরাধে আশিকুর রহমান (৩৫) ও নাহিদ ইসলাম (২৬) কে ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে গ্রেপ্তারকৃতদের প্রত্যেককে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ধারা ১৫(১) অনুযায়ী এক মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং এক লাখ টাকা অর্থদণ্ড; অনাদায়ে অতিরিক্ত এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
ভেড়ামারা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ডা. গাজী আশিক বাহার বলেন, পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি এর আওতাধীন অত্যন্ত স্পর্শকাতর ও কেপিআইভুক্ত স্থাপনা বাংলাদেশ-ভারত বিদ্যুৎ সঞ্চালন কেন্দ্র সংলগ্ন এলাকায় অবৈধভাবে মাটি উত্তোলনের অভিযোগে ২ জনকে আটক করা হয়েছে। আটকদের জেল ও জরিমানা করা হয়েছে।


























