রাজশাহীর গোদাগাড়ীতে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে তালা দেওয়ার ঘটনায় দায়ের করা মামলাকে ‘পরিকল্পিত’ বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাজশাহী মহানগর আহ্বায়ক আতিকুর রহমান। তিনি দাবি করেন, সার ডিলার নিয়োগে অনিয়ম-দুর্নীতির প্রতিবাদ করায় তাদের বিরুদ্ধে এই মামলা করা হয়েছে।
মঙ্গলবার মামলার বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে আতিকুর রহমান বলেন, এই ঘটনায় তারা ভীত নন এবং অন্যায়ের বিরুদ্ধে তাদের প্রতিবাদ অব্যাহত থাকবে। প্রয়োজনে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন তিনি।
এর আগে, সোমবার সার ডিলার নিয়োগে দলীয়করণ ও অনিয়মের অভিযোগ তুলে ইউএনও ইসরাত জাহানের অপসারণ দাবিতে এনসিপির নেতাকর্মীরা তার কার্যালয় ঘেরাও করেন। একপর্যায়ে তারা উপজেলা প্রশাসনিক ভবনের প্রধান ফটকে তালা দিয়ে অবস্থান নেন, যার ফলে প্রায় দুই ঘণ্টা প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকে এবং সেবা নিতে আসা সাধারণ মানুষ ভোগান্তিতে পড়েন।
এই ঘটনায় সোমবার রাতে গোদাগাড়ী মডেল থানায় মামলা করে উপজেলা প্রশাসন। উপজেলা প্রশাসনের উপ-সহকারী প্রশাসনিক কর্মকর্তা মোক্তার হোসেন বাদী হয়ে সাতজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ১০ থেকে ১৫ জনকে আসামি করে মামলাটি দায়ের করেন।


























