যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের তীব্র সমালোচনা করে ক্ষতিগ্রস্ত পরীক্ষার্থীদের আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। শনিবার এক বিবৃতিতে দলের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান এই দাবি উত্থাপন করেন।
মাওলানা গাজী আতাউর রহমান বলেন, লাখো শিক্ষিত তরুণের বহু পরিশ্রম ও আশার কেন্দ্রবিন্দু এসব সরকারি চাকরি পরীক্ষা। চরম আর্থিক সংকটের মধ্যেও তারা পরীক্ষার ফি ও যাতায়াত খরচ জোগাড় করে পরীক্ষায় অংশ নেন। প্রশ্নফাঁসের কারণে পরীক্ষা বাতিল হওয়া রাষ্ট্রের ব্যর্থতার পরিচয় দেয়।
তিনি আরও বলেন, দুর্নীতিগ্রস্ত প্রশাসন ও প্রাতিষ্ঠানিক দুর্বলতার কারণেই এই ধরনের ঘটনা ঘটে থাকে। এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির পাশাপাশি ভবিষ্যতেও যেন এমন দুর্নীতির পুনরাবৃত্তি না ঘটে, সেজন্য কার্যকর প্রতিরোধ গড়ে তোলার তাগিদ দেন তিনি।


























