বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক কর্মচারী ফোরামের সভাপতি প্রিন্সিপাল দেলাওয়ার হোসেন আজিজী জানিয়েছেন, শিক্ষা ব্যবস্থা জাতীয়করণই তাঁদের প্রধান ও একমাত্র দাবি। এর বাইরে তাঁদের আর কোনো বিকল্প দাবি নেই। পাশাপাশি সাধারণ শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে মাদ্রাসার সব ধরনের বৈষম্য দূর করার আহ্বান জানান তিনি।
শনিবার ভোলা জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত মাদ্রাসা শিক্ষকদের এক জেলা সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ভোলা জেলা শাখা মাদ্রাসা শিক্ষক কর্মচারী ফোরাম এই সম্মেলনের আয়োজন করে।
তিনি বলেন, এমপিওভুক্ত ও ইবতেদায়ি মাদ্রাসাগুলো জাতীয়করণের আওতায় আনতে হবে। একই সঙ্গে ইবতেদায়ি শিক্ষার্থীদের জন্য উপবৃত্তি ও মিড-ডে মিলের মতো সুবিধা নিশ্চিত করা জরুরি।
সরকারি স্কেল অনুযায়ী শিক্ষকদের বাড়িভাড়া, চিকিৎসা, উৎসব ও শিক্ষা ভাতা দেওয়ার দাবি জানিয়ে তিনি আরও বলেন, বদলির আবেদনকারী প্রতিষ্ঠানপ্রধানসহ সব পর্যায়ের শিক্ষকদের দ্রুত বদলির আদেশ কার্যকর করতে হবে।
সংগঠনটির ভোলা জেলা আহ্বায়ক প্রিন্সিপাল আবু জাফর মোহাম্মদ মাইনুদ্দিনের সভাপতিত্বে সম্মেলনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ফোরামের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক প্রিন্সিপাল মো. লোকমান হোসেন। এ ছাড়াও বিভিন্ন জেলার শিক্ষক প্রতিনিধিরা সম্মেলনে বক্তব্য দেন।


























