কুমিল্লার বুড়িচং উপজেলার ভারেল্লা দক্ষিণ ইউনিয়ন বিএনপির সভাপতি ফরিদ উদ্দিন খানের জুয়া খেলার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র সমলোচনা শুরু হয়েছে। ভিডিওটিতে আরও কয়েকজনের সঙ্গে তাকে তাস খেলতে এবং সামনে নগদ টাকা পড়ে থাকতে দেখা যায়।
দীর্ঘদিন ধরে দলীয় পদে থাকা এই নেতার এমন ভিডিও প্রকাশ্যে আসায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় তৃণমূলের নেতাকর্মীরা। তাদের দাবি, স্থানীয় একটি পুকুরপাড়ে তাকে প্রায়ই জুয়ার আসরে দেখা যায়। বিষয়টি নিয়ে প্রশাসনের দৃশ্যমান কোনো পদক্ষেপ না থাকায় অসন্তোষ প্রকাশ করেছেন তারা।
এ বিষয়ে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কবির হোসেন জানিয়েছেন, অপকর্ম বা অপরাধমূলক কর্মকাণ্ডকে দল কোনোভাবেই সমর্থন করে না। উক্ত নেতার বিরুদ্ধে অভিযোগ সত্য প্রমাণিত হলে সুনির্দিষ্ট সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে এ বিষয়ে মন্তব্য জানতে ফরিদ উদ্দিন খানের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।


























