মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মেধা বিকাশ ও বই পড়ার অভ্যাস গড়ার লক্ষ্যে আয়োজিত প্রতিযোগিতায় বিজয়ী হয়ে ল্যাপটপ জিতেছে আট শিক্ষার্থী। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে চূড়ান্ত পর্বে উত্তীর্ণ ৭৪০ জন শিক্ষার্থীকে বই ও সম্মাননা সনদ দেওয়া হয়েছে। এছাড়া প্রতিটি ক্যাটাগরির আরও নয়জন করে বিজয়ী শিক্ষার্থীকে সনদ, ক্রেস্ট ও বই প্রদান করা হয়।
‘বই পড়ি, মন গড়ি’ প্রতিপাদ্যে আয়োজিত এ পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী। শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিয়াউর রহমান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এবং বিশেষ অতিথি হিসেবে জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল ও শ্রীমঙ্গল সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মুজিবুর রহমান উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, উপজেলার ৪৮টি শিক্ষাপ্রতিষ্ঠানের ২৫ হাজারেরও বেশি শিক্ষার্থী ও সাধারণ বইপ্রেমীরা এই উৎসবে অংশ নেন। মেধা ও মনন বিকাশের লক্ষ্যে আয়োজিত এই উৎসবের তিনটি পর্বে মোট ৩৮টি বই পড়ার সুযোগ দেওয়া হয়েছিল। অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।


























