যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ওঠা এবং পরীক্ষা স্থগিতের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
শনিবার রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দলের সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়ের এ উদ্বেগ প্রকাশ করেন।
বিবৃতিতে তিনি বলেন, প্রশ্ন ফাঁসের অভিযোগের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত করে জড়িত ব্যক্তিদের দ্রুত আইনের আওতায় নিয়ে আসতে হবে। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত চাকরিপ্রার্থীদের দুর্ভোগ লাঘবে দ্রুততম সময়ে পরীক্ষার নতুন তারিখ ঘোষণা এবং ভবিষ্যতে নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতা ও নিরাপত্তা নিশ্চিত করার কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান তিনি।
জুবায়ের আরও উল্লেখ করেন, মেধা ও যোগ্যতার ভিত্তিতে নিয়োগ নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। চাকরিপ্রার্থীদের ন্যায্য অধিকার রক্ষা এবং পুরো নিয়োগব্যবস্থার প্রতি জনআস্থা ফিরিয়ে আনতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অবিলম্বে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া উচিত বলে তিনি মন্তব্য করেন।


























