রাজধানীর সরকারি তিতুমীর কলেজের রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক মো. আব্দুল হামিদ তাঁর এক সংকটাপন্ন ছাত্রীর চিকিৎসার তহবিল গঠনে এক অনন্য মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছেন। কিডনি রোগে আক্রান্ত শিক্ষার্থী সাদিয়া আয়াতের দুটি কিডনিই বিকল হয়ে যাওয়ায় তাঁর ব্যয়বহুল চিকিৎসার সহায়তায় নিজের শখের এক জোড়া দুর্লভ প্রজাতির কবুতর উন্মুক্ত নিলামে তোলেন এই শিক্ষক। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমের একটি প্ল্যাটফর্মে আয়োজিত নিলামে কবুতর জোড়াটি সর্বোচ্চ ৭০ হাজার টাকায় বিক্রি হয়েছে।
ভুক্তভোগী শিক্ষার্থী সাদিয়া আয়াত রসায়ন বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষে অধ্যয়নরত। বিগত প্রায় দেড় মাস ধরে তিনি রাজধানীর শ্যামলীর কিডনি ইনস্টিটিউটে চিকিৎসাধীন এবং চিকিৎসকদের মতে তাঁর জীবন রক্ষায় দ্রুত কিডনি প্রতিস্থাপন প্রয়োজন। চিকিৎসার খরচ মেটাতে পরিবার হিমশিম খেলে গত ৩০ আগস্ট বিভাগের শিক্ষার্থীরা তিতুমীর কলেজের অধ্যক্ষের কাছে লিখিত আবেদন জানান। এর পরপরই গত ১০ সেপ্টেম্বর শিক্ষক আব্দুল হামিদ তাঁর ব্যক্তিগত ফেসবুক প্রোফাইলে শখের কবুতর জোড়া বিক্রির ঘোষণা দেন, যা পরবর্তীতে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলে।
শুক্রবার সন্ধ্যা ৭টা থেকে রাত ১১টা পর্যন্ত ‘ফতুল্লা পিজিয়ন ফেন্সিয়ার ক্লাব (এফপিএফসি)’-এর ফেসবুক গ্রুপে অনুষ্ঠিত এই নিলামে রাসেল রানা নামে এক কবুতরপ্রেমী সর্বোচ্চ ৭০ হাজার টাকা দর হেঁকে কবুতর জোড়াটি কিনে নেন। নিলাম শেষে অনুভূতি প্রকাশ করে সহকারী অধ্যাপক আব্দুল হামিদ জানান, সংগৃহীত সম্পূর্ণ অর্থ সাদিয়ার চিকিৎসা তহবিলে হস্তান্তর করা হবে। অর্থ সংগ্রহের পাশাপাশি সমাজের বিত্তবান ও সহৃদয় ব্যক্তিদের সাদিয়ার জীবন রক্ষায় এগিয়ে আসার আহ্বান জানান তিনি।


























