এভারকেয়ার হাসপাতালে সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন, সব চিকিৎসা সহায়তা নিশ্চিতের নির্দেশ
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়ে জানিয়েছেন, চিকিৎসায় যেন কোনো ঘাটতি না থাকে, সে জন্য সরকার প্রস্তুত।
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। শুক্রবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় জানানো হয়, তিনি নিয়মিতভাবে খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিচ্ছেন এবং প্রয়োজনীয় সব চিকিৎসা সহায়তা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন।
বার্তায় বলা হয়, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করে প্রধান উপদেষ্টা দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেছেন। তিনি উল্লেখ করেন, খালেদা জিয়ার চিকিৎসায় যেন কোনো ঘাটতি না থাকে, সে জন্য সরকার সব ধরনের সহযোগিতা দিতে প্রস্তুত। গণতান্ত্রিক উত্তরণের এই সময়ে খালেদা জিয়া জাতির জন্য অনুপ্রেরণাদায়ক ব্যক্তি বলেও মন্তব্য করেন তিনি। এ কারণে তার সুস্বাস্থ্য দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে জানানো হয়।
বর্তমানে খালেদা জিয়া রাজধানীর এভারকেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে দেশি-বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে চিকিৎসাধীন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বৃহস্পতিবার জানান, তার শারীরিক অবস্থা সংকটাপন্ন। প্রায় ৮০ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে হৃদ্রোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস ও কিডনি জটিলতাসহ বিভিন্ন রোগে ভুগছেন। গত রোববার শ্বাসকষ্ট দেখা দিলে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসকেরা জানান, তার হৃদ্যন্ত্র ও ফুসফুসে সংক্রমণ ধরা পড়েছে।
উন্নত চিকিৎসার জন্য এ বছরের ৭ জানুয়ারি খালেদা জিয়া লন্ডনে যান এবং ১১৭ দিন অবস্থান শেষে ৬ মে দেশে ফেরেন। দেশে ফেরার পরও বিভিন্ন জটিলতায় একাধিকবার তাকে হাসপাতালে ভর্তি হতে হয়েছে।
















