মানবকল্যাণমূলক প্রতিষ্ঠান খাজা মোজাম্মেল হক (র.) ফাউন্ডেশনের উদ্যোগে সিরাজগঞ্জ জেলার ১৫৩টি শিক্ষাপ্রতিষ্ঠানের নবম ও দশম শ্রেণির ৮৫২ জন মেধাবী শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি ও সম্মাননা সনদ প্রদান করা হয়েছে। সম্প্রতি এক আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে এই বৃত্তি ও সনদ তুলে দেন ফাউন্ডেশনের চেয়ারম্যান খাজা টিপু সুলতান। সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও স্থানীয় সরকারের উপপরিচালক (ভারপ্রাপ্ত) গণপতি রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরিন জাহান, বেলকুচি সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. শহিদুল হাসান, জেলা শিক্ষা কর্মকর্তা খন্দকার মো. আব্দুল্লাহ আল মামুন এবং বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তারুজ্জামান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সোহাগপুর নতুন পাড়া আলহাজ সিদ্দিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মেহেদী মাসুদ এবং শুভেচ্ছা বক্তব্য দেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি শফিকুল ইসলাম সরকার (সোহেল)।
বেলকুচি উপজেলার সোহাগপুর নতুন পাড়া আলহাজ সিদ্দিক উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে জেলার শতাধিক শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে খাজা টিপু সুলতান ফাউন্ডেশনের ২৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সন্তোষ প্রকাশ করে বলেন, শিক্ষার্থীদের শুধু মেধাবী হলেই চলবে না, বরং ভালো মানুষ হিসেবে সমাজে মাথা উঁচু করে দাঁড়াতে হবে। তিনি জীবনে সত্য কথা বলা, প্রতারণা থেকে দূরে থাকা, অন্যের বৈধ অধিকারকে প্রাধান্য দেওয়া এবং আত্মশুদ্ধি অর্জনের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। ফাউন্ডেশনের বৃহত্তর সিলেট অঞ্চলের প্রধান সমন্বয়কারী আরমান খানের সঞ্চালনায় অনুষ্ঠানে মেধাভিত্তিক আকর্ষণীয় প্রতিযোগিতা ‘মেধায় মাতি’ অনুষ্ঠিত হয়, যেখানে আমন্ত্রিত অতিথিরাও আনন্দঘন পরিবেশে অংশ নেন। এ ছাড়া ফাউন্ডেশনের উত্তর, মধ্য ও রাজধানী অঞ্চলের প্রধান সমন্বয়কারীসহ অন্যান্য উপদেষ্টামণ্ডলীর সদস্যরা পুরো অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে যুক্ত ছিলেন।


























