সিরাজগঞ্জের রায়গঞ্জে নারিকেল গাছ পরিষ্কার করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পাপ্পু সরকার (২৮) নামের এক যুবক প্রাণ হারিয়েছেন। শুক্রবার সকালে উপজেলার তেলিজানা গ্রামের আমিনুল ইসলামের বাড়িতে এই দুর্ঘটনা ঘটে। নিহত পাপ্পু সরকার মূলত বগুড়া জেলার শেরপুর উপজেলার এনামুল সরকারের ছেলে। তিনি পরিবারসহ সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার তেলিজানা এলাকায় শ্বশুর নূরনবীর বাড়িতে বসবাস করতেন।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে আমিনুল ইসলামের বাড়ির নারিকেল গাছ কাটতে ও পরিষ্কার করতে ওপরে ওঠেন পাপ্পু। গাছটির ডাল কাটার সময় কোনো এক মুহূর্তে অসাবধানতাবশত সেখানে থাকা একটি ঝুলন্ত বৈদ্যুতিক তারের সংস্পর্শে চলে আসেন তিনি। সঙ্গে সঙ্গে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয় এবং মরদেহটি গাছের সঙ্গেই ঝুলন্ত অবস্থায় আটকে থাকে। বিষয়টি স্থানীয়দের নজরে আসলে তারা দ্রুত রায়গঞ্জ ফায়ার সার্ভিসকে বিষয়টি অবহিত করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রায়গঞ্জ ফায়ার সার্ভিসের টিম লিডার মাহফুজার রহমান জানান, খবর পাওয়ার পর পরই তাদের একটি দল দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়। পরে বিশেষ কৌশলে গাছ থেকে ঝুলন্ত মরদেহটি উদ্ধার করে পুলিশের নিকট হস্তান্তর করা হয়। রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসানুজ্জামান জানিয়েছেন, সংবাদ পাওয়ার পর তাৎক্ষণিকভাবে পুলিশ পাঠানো হয়েছে এবং এই বিষয়ে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।


























