নোয়াখালীর সেনবাগে পরিবারের সাথে অভিমান করে বাড়ি থেকে বের হয়ে যাওয়ার একদিন পর মো. মারুফ (২১) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গত বুধবার রাতে উপজেলার ডমুরুয়া ইউনিয়নের মতইন দক্ষিণপাড়া এলাকার একটি পুকুরপাড় থেকে গলায় গামছা পেঁচানো অবস্থায় তার মরদেহটি উদ্ধার করা হয়। নিহত মারুফ ওই এলাকার মো. রিপনের ছেলে।
পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার রাতে পরিবারের সদস্যদের ওপর অভিমান করে নিজের মোবাইল ফোনটি ভেঙে ফেলেন মারুফ। এরপর একটি ট্রাভেল ব্যাগে জামাকাপড় নিয়ে তিনি বাড়ি থেকে বের হয়ে যান। রাতে আর বাড়ি না ফেরায় স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি।
পরদিন বুধবার রাতে বাড়ির পাশের একটি ধানখেতসংলগ্ন পুকুরপাড়ে মারুফের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে সেনবাগ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। এ সময় মরদেহের পাশ থেকে তার ব্যবহৃত জুতা ও ট্রাভেল ব্যাগটি উদ্ধার করা হয়।
সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হযরত আলী মিলন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহের গলায় গামছা পেঁচানো ছিল এবং গামছার আরেকটি অংশ পুকুরপাড়ের একটি গাছের ডালের সাথে বাঁধা ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি একটি আত্মহত্যার ঘটনা। গামছাটি পুরোনো হওয়ায় ছিঁড়ে গিয়ে লাশটি নিচে পড়ে যায়। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে এবং মৃত্যুর সঠিক কারণ জানতে মরদেহটি ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।


























