রাজধানীর কাফরুল থেকে এইচএসসি পরীক্ষার্থী রাকিবুল ইসলামকে (১৭) অপহরণের পর হত্যা করে লাশ কার্টনে ভরে মাটিচাপা দেওয়ার ঘটনায় মূল অভিযুক্ত আব্দুল্লাহ আল মামুন ওরফে মামুন সরকারকে (২৪) গ্রেপ্তার করেছে পুলিশ। তথ্যপ্রযুক্তির সহায়তায় তাকে গ্রেপ্তারের পর তার দেওয়া তথ্যের ভিত্তিতে নীলফামারীর ডিমলা থেকে প্রায় ২০ দিন পর রাকিবের লাশ উদ্ধার করা হয়।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) যুগ্ম পুলিশ কমিশনার মো. মহিদুল ইসলাম এক সংবাদ সম্মেলনে জানান, বিশ্ববিদ্যালয়ের ভর্তির প্রস্তুতি নিতে থাকা রাকিবকে গত ১৬ সেপ্টেম্বর হোয়াটসঅ্যাপে ডেকে নিয়ে অপহরণ করা হয়। পরে তার পরিবারের কাছে ১৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। পরিবার ছেলেকে ফিরে পাওয়ার আশায় চার লাখ টাকা পাঠালেও ততক্ষণে রাকিবকে হত্যা করা হয়।
পুলিশ জানায়, অনলাইনে পরিচয়ের সূত্র ধরে মামুন রাকিবকে তার বাসায় নিয়ে যায় এবং মুক্তিপণের জন্য ধস্তাধস্তির একপর্যায়ে তাকে হত্যা করে। এরপর লাশ কার্টনে ভরে ডিমলায় নিজের বাড়ির সুপারি বাগানে মাটিচাপা দেয়। কাফরুল থানা পুলিশ মামুনকে গ্রেপ্তারের পর ডিমলা থানা পুলিশের সহায়তায় লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।


























