কুমিল্লার দাউদকান্দিতে বিপুল পরিমাণ গাঁজাসহ একটি কাভার্ডভ্যান জব্দ করেছে পুলিশ। এ সময় মাদক চোরাচালানের অভিযোগে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি পৌরসভার দক্ষিণ সতানন্দি এলাকার মেঘনা-গোমতী টোল প্লাজার কাছে ঢাকামুখী লেনে চেকপোস্ট বসিয়ে এই অভিযান চালানো হয়। তল্লাশিকালে কাভার্ডভ্যানটি থেকে দুটি বস্তাভর্তি মোট ৬৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, দাউদকান্দি সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. খলিলুর রহমানের দিকনির্দেশনায় এবং দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সাজেদুল ইসলামের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। এসআই মো. মনির হোসেনের নেতৃত্বে একটি দল চেকপোস্টে তল্লাশি চালিয়ে মাদকসহ কাভার্ডভ্যানটি জব্দ এবং অভিযুক্তকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত ব্যক্তির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।


























