শহীদ শরীফ ওসমান হাদি হত্যার বিচার, জুলাই, পিলখানা ও শাপলা চত্বরের গণহত্যার বিচার এবং গণভোটের রায়ের আলোকে জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ৩৬ দিনের পদযাত্রা কর্মসূচি ঘোষণা করেছে ইনকিলাব মঞ্চ। ‘মার্চ ফর ইনসাফ’ নামের এই কর্মসূচি আগামী ৭ অক্টোবর পঞ্চগড়ের বাংলাবান্ধা থেকে শুরু হয়ে টেকনাফের জিরো পয়েন্টে গিয়ে শেষ হবে।
সোমবার জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে আয়োজিত এক মতবিনিময় সভায় এই কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। সভায় বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি, লেখক, অ্যাক্টিভিস্ট, জুলাই গণঅভ্যুত্থানের যোদ্ধা এবং শহীদ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক আব্দুল্লাহ আল জাবেরের সভাপতিত্বে এবং সদস্যসচিব ফাতেমা তাসনিম জুমার সঞ্চালনায় সভায় কর্মসূচির বিস্তারিত তুলে ধরা হয়। আয়োজকেরা জানান, ৩৬ দিনের এই কর্মসূচিতে দেশের বিভিন্ন স্থানে পদযাত্রা, পথসভা ও সমাবেশের মাধ্যমে সাধারণ মানুষের কাছে তিন দফা দাবি তুলে ধরা হবে। আগামী ২১ অক্টোবর উত্তরবঙ্গ থেকে এই পদযাত্রা ঢাকায় প্রবেশ করে শাহবাগে সমাবেশ করবে এবং পরবর্তীতে টেকনাফের দিকে অগ্রসর হবে।
ইনকিলাব মঞ্চের সদস্যসচিব ফাতেমা তাসনিম জুমা বলেন, শহীদ আবরার ফাহাদের মৃত্যুবার্ষিকীর দিনে বাংলাবান্ধা থেকে এই কর্মসূচির সূচনা হবে। এই পদযাত্রার নিরাপত্তা জনগণই নিশ্চিত করবে বলে তারা বিশ্বাস করেন।
সভায় আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেন, সহিংসতা বা গুন্ডামির মাধ্যমে রাজনীতি টিকিয়ে রাখা যাবে না। ২০২৪ সালের পরবর্তী সময়ে পুরোনো ধারার রাজনীতি আর চলবে না এবং অন্যায়ের বিরুদ্ধে জনগণ রুখে দাঁড়াবে।
সভায় অন্যান্য বক্তারা শহীদ শরীফ ওসমান হাদি হত্যার দ্রুত তদন্ত ও বিচার নিশ্চিত করার দাবি জানান। মতবিনিময় সভায় আরও বক্তব্য দেন বাংলাদেশ আজাদ পার্টির সভাপতি অবসরপ্রাপ্ত কর্নেল হাসিনুর রহমান, জামায়াতে ইসলামীর শাহীন আহমদ খান, জাতীয় নাগরিক পার্টির আলী আহসান জুনায়েদ, ইসলামী আন্দোলনের মাওলানা লোকমান হোসেন জাফরীসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ও শহীদ পরিবারের সদস্যরা।


























