জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শীর্ষ পাঁচ নেতাকে উপদেষ্টা করে ‘জুলাই ওয়ারিয়র্স অ্যালায়েন্স’-এর আংশিক কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছে। এতে মো. সালমান হোসেনকে সভাপতি, হাসিবুল হাসানকে সাধারণ সম্পাদক এবং মুস্তাইন বিল্লাহ হাবিবীকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।
সোমবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। নবগঠিত এই কেন্দ্রীয় কমিটি আগামী এক বছরের জন্য দায়িত্ব পালন করবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
সংগঠনটির উপদেষ্টা পরিষদে রয়েছেন এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুইয়া, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, রাজনৈতিক পর্ষদ সদস্য ডা. মাহমুদা মিতু এমপি ও নুসরাত তাবাসসুম এমপি এবং কেন্দ্রীয় সংগঠক আরমান হোসাইন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ও অর্জনকে সমুন্নত রাখতে এবং আন্দোলনের শহীদ ও আহতদের ন্যায়বিচার, মর্যাদা ও অধিকার নিশ্চিত করার লক্ষ্যে এই উপদেষ্টা পরিষদ ও কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়েছে।


























