রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) কর্মরত সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা প্রকাশ করেছে ঢাকা কলেজ সাংবাদিক সমিতি (ঢাকসাস)। সোমবার এক যৌথ বিবৃতিতে সংগঠনের সভাপতি ফরহাদ বিন নূর ও সাধারণ সম্পাদক মো. ফয়সাল আহমেদ এই প্রতিবাদ জানান।
বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, গণমাধ্যমকর্মীদের ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালানো স্বাধীন সাংবাদিকতার জন্য একটি বড় হুমকি। এ ধরনের সহিংসতা গণমাধ্যমের স্বাধীনতা ও মুক্তমত প্রকাশের পথকে রুদ্ধ করে। তারা অবিলম্বে হামলায় জড়িতদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান এবং ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
উল্লেখ্য, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সংঘটিত ওই হামলায় সাংবাদিক জাহিদুল ইসলাম, নূর আহসান মুকুল, আরিফ উজ্জামান কোরবান এবং মাসনুন ইসলাম রাতুল গুরুতর আহত হন।


























