প্রকৃত ও নৈতিক শিক্ষার অভাব থাকলে শিক্ষিত ব্যক্তিরাও অপরাধে জড়িয়ে পড়েন বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক মুজিবুর রহমান। বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অভিনথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
অধ্যাপক মুজিবুর রহমান বলেন, বর্তমানে যারা রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ পদে থেকে জনগণের সম্পদ বিদেশে পাচার করছেন এবং দুর্নীতিতে লিপ্ত রয়েছেন, তারা মূলত প্রকৃত শিক্ষা পাননি, কেবল সনদ অর্জন করেছেন। গতানুগতিক এই শিক্ষা ব্যবস্থা দিয়ে আলোকিত মানুষ তৈরি করা সম্ভব নয় উল্লেখ করে তিনি রাসুলুল্লাহ (সা.)-এর নির্দেশিত ইসলামী শিক্ষানীতির আলোকে নতুন শিক্ষানীতি প্রণয়নের দাবি জানান।
শিক্ষকদের মর্যাদা প্রতিষ্ঠার ওপর জোর দিয়ে তিনি বলেন, শিক্ষক সমাজের সব যৌক্তিক দাবি মেনে নিয়ে তাদের সামাজিক মর্যাদা নিশ্চিত করতে হবে। সভায় বিশেষ অতিথির বক্তব্যে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ড. ইলিয়াস মোল্লা বলেন, শিক্ষকেরা একটি জাতি গঠনের কারিগর হওয়া সত্ত্বেও তারা বরাবরই অবহেলিত। শিক্ষকদের যথাযথ সম্মান ও মর্যাদা দেওয়ার সময় এসেছে।
আদর্শ শিক্ষক ফেডারেশনের সেক্রেটারি জেনারেল অধ্যাপক এ বি এম ফজলুল করিম অভিযোগ করেন, বিগত স্বৈরাচারী সরকারের আমলে শিক্ষকেরা আন্দোলন করলেও তাদের দাবি পূরণ করা হয়নি। বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে নতুন বাংলাদেশ গঠিত হলেও শিক্ষকদের যৌক্তিক দাবিগুলো এখনো অপূর্ণ রয়ে গেছে।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে ফেডারেশনের ঢাকা মহানগরী দক্ষিণের সভাপতি অধ্যাপক নূর নবী মানিক শিক্ষকদের পক্ষ থেকে ১০ দফা দাবি তুলে ধরেন। এসব দাবির মধ্যে রয়েছে—এমপিওভুক্ত শিক্ষকদের চাকরি জাতীয়করণ, অবসরের বয়সসীমা ৬৫ বছরে উন্নীত করা, শতভাগ বাড়িভাড়া ও উৎসব ভাতা প্রদান, এবং সরকারি নিয়োগে দলীয়করণ বন্ধ করা।


























