কুমিল্লার চৌদ্দগ্রামের সীমান্তবর্তী এলাকায় একটি মাইক্রোবাসে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধারকৃত মাদকের মধ্যে রয়েছে ৮৯ দশমিক ৮ কেজি গাঁজা এবং ৬০ বোতল ভারতীয় মদ। এ সময় মাদক বহনে ব্যবহৃত হাইয়েস মাইক্রোবাসটি জব্দ করা হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, সোমবার ভোরে গীতবাড়ি বিওপির একটি বিশেষ টহল দল চৌদ্দগ্রাম উপজেলার সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানকালে সীমান্ত রেখা থেকে প্রায় ৬০০ গজ ভেতরে গাংরা এলাকায় একটি সন্দেহভাজন মাইক্রোবাস থামিয়ে তল্লাশি চালানো হলে এই মাদকদ্রব্য পাওয়া যায়।
কুমিল্লা ব্যাটালিয়নের (১০ বিজিবি) পক্ষ থেকে জানানো হয়েছে, জব্দকৃত মাদক ও মাইক্রোবাসটি পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য চৌদ্দগ্রাম থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।


























