বিশ্ব শিক্ষক দিবসের আমেজের মধ্যেও রংপুরের তারাগঞ্জ উপজেলার একটি মাদরাসার ১৮ জন শিক্ষক ও কর্মচারী দীর্ঘ ৩৩ বছর ধরে কোনো বেতন-ভাতা ছাড়াই পাঠদান ও দাপ্তরিক কাজ চালিয়ে যাচ্ছেন। উপজেলার কুর্শা ইউনিয়নের ঘনিরামপুর আলহুদা আদর্শ দাখিল মাদরাসার এই শিক্ষক-কর্মচারীরা চরম আর্থিক অনটনের মধ্যে দিনাতিপাত করছেন।
প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, ১৯৯৩ সালে প্রতিষ্ঠিত এই মাদরাসাটি ২০০০ সালে এমপিওভুক্ত হলেও হালনাগাদ স্বীকৃতি না থাকার অজুহাতে ২০০১ সালে এর এমপিও স্থগিত করা হয়। এরপর থেকে দীর্ঘ সময় ধরে বেতনহীন অবস্থায় রয়েছেন কর্মরত শিক্ষকেরা। অনেকে বাধ্য হয়ে শিক্ষকতার পাশাপাশি অন্য কাজ করে সংসার চালাচ্ছেন।
এমপিও পুনর্বহালের দাবিতে ২০১৫ সালে উচ্চ আদালতে মামলা করা হয়। দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে ২০২৬ সালের এপ্রিল মাসে চূড়ান্ত রায় প্রতিষ্ঠানের পক্ষে আসলেও এখনো এমপিও পুনর্বহাল হয়নি বলে জানিয়েছেন মাদরাসার সুপারিনটেনডেন্ট মো. ওবায়দুল্লাহ।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) শাহীনুর রহমান জানান, মাদরাসাটি নিয়মিতভাবে পরীক্ষায় অংশ নিচ্ছে এবং শিক্ষার্থীরা ভালো ফলাফল করছে। ভুক্তভোগী শিক্ষক-কর্মচারীদের প্রত্যাশা, আইনি জটিলতা কাটিয়ে দ্রুত তাদের এমপিও পুনর্বহাল করা হবে।


























