খুলনার রূপসা উপজেলায় দেড় মাসের ব্যবধানে ছেলের পর এবার বাবাকেও গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার আইচগাতী ইউনিয়নের দুর্জনীমহল এলাকায় নিহতের বাড়ির পাশে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম আকতার ঢালী (৬০)।
নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, প্রায় দেড় মাস আগে আকতার ঢালীর ছেলে জয় ঢালীকে গুলি ও কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। ছেলের মৃত্যুর পর থেকে আকতার ঢালী ঘাটের কাজ ছেড়ে দিয়ে বেশির ভাগ সময় বাড়িতেই থাকতেন। প্রতিদিনের মতো সোমবার সন্ধ্যায়ও তিনি বাড়ির পাশে একটি বেঞ্চে বসে ছিলেন। প্রতিবেশীরা সে সময় সেখানে না থাকায় তিনি একাই ছিলেন। হঠাৎ গুলির শব্দ শুনে স্বজনরা ছুটে গিয়ে তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ আনোয়ার হত্যাকাণ্ডের সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনার প্রকৃত কারণ এখনও জানা যায়নি। কারা এবং কী কারণে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা তদন্ত করে বিস্তারিত জানানো হবে।


























