চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় পারিবারিক কলহের জেরে সৎ ছেলের ছুরিকাঘাতে আয়েসা বিবি (৩৫) নামের এক নারী নিহত হয়েছেন। শনিবার সন্ধ্যায় উপজেলার ধরমপুর গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত আয়েসা বিবি ওই গ্রামের মো. বাবুলের স্ত্রী ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বাবুল তার প্রথম স্ত্রীকে তালাক দেওয়ার পর আয়েসা বিবিকে বিয়ে করেছিলেন। ঘটনার দিন সন্ধ্যায় বিভিন্ন বিষয় নিয়ে আয়েসা বিবির সঙ্গে তার সৎ ছেলে আতিকুর রহমানের কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায় ক্ষিপ্ত হয়ে আতিকুর রহমান ধারালো ছুরি দিয়ে আয়েসার পেটে আঘাত করেন, যার ফলে তিনি গুরুতর আহত হন।
তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে তাকে দ্রুত উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। তবে পথেই গোলাপবাজার এলাকায় তার মৃত্যু হয়।
ভোলাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিক জানান, ঘটনার পরপরই অভিযুক্ত আতিকুর রহমান পালিয়ে যেতে সক্ষম হন। তাকে গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে এবং এ ঘটনায় আইনি প্রক্রিয়া হিসেবে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।


























