পঞ্চগড়ের দেবীগঞ্জে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আলমগীর প্রধান (৪৮) নামের এক সহকারী শিক্ষক নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন, যাদের মধ্যে একজনকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
গত শনিবার সন্ধ্যা ৭টার দিকে দেবীগঞ্জ-সোনাহার সড়কের স্টেডিয়াম মাঠসংলগ্ন আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টারের গেটের সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহত আলমগীর প্রধান উপজেলার রামগঞ্জ বিলাসী মণ্ডলপাড়া এলাকার খয়বর আলী প্রধানের ছেলে এবং তিনি রামগঞ্জ বিলাসী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।
দুর্ঘটনায় আহত ব্যক্তিরা হলেন— সৈকত (দেবীগঞ্জ পৌরসভার মধ্যপাড়া এলাকার সাইদুল ইসলামের ছেলে) ও তন্ময় (কাচারীপাড়া এলাকার রফিকুল ইসলামের ছেলে)। প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, তন্ময়ের মোটরসাইকেলটি অতিরিক্ত গতিতে চলার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে অপর মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে উভয় বাইকের চালক ও আরোহী গুরুতর আহত হন এবং তন্ময়ের মোটরসাইকেলের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। স্থানীয়দের অভিযোগ, তন্ময় এলাকায় প্রায়শই বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালাতেন।
ঘটনার পর স্থানীয়রা আহতদের দ্রুত উদ্ধার করে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. মো. আজাদ রহমান জানান, হাসপাতালে পৌঁছানোর আগেই শিক্ষক আলমগীর প্রধানের মৃত্যু হয়। আহতদের মধ্যে অবস্থার অবনতি হওয়ায় তন্ময়কে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুসা মিয়া দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।


























