জামায়াতে ইসলামীতে যোগদানের পর আখতারুজ্জামানকে ‘জুলাইযোদ্ধা’ হিসেবে উপস্থাপন করার তীব্র সমালোচনা করেছেন আমজনতার দলের সদস্যসচিব মো. তারেক রহমান। শনিবার সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত একটি ভিডিও বার্তায় তিনি বলেন, অতীতে আওয়ামী লীগ সরকারের পক্ষে বক্তব্য দেওয়া, বিএনপির বিরুদ্ধে অবস্থান নেওয়া এবং গণতান্ত্রিক অধিকার হরণে ভূমিকা রাখার পরও জামায়াতে যোগ দিয়ে আখতারুজ্জামান বর্তমানে প্রকৃত জুলাইযোদ্ধাদের চেয়েও বড় ‘জুলাইযোদ্ধা’ বনে গেছেন।
ভিডিও বার্তায় তিনি উল্লেখ করেন, জামায়াত নেতা এ টি এম আজহারুল ইসলাম নিজেই বলেছেন যে আখতারুজ্জামান দলটির কোনো কর্মী বা নেতা নন, যা দলটির সাধারণ নেতাকর্মীদের হতাশ করেছে। এছাড়া অতীতে চীনের দেওয়া ত্রাণকে নিজেদের ত্রাণ হিসেবে প্রচারের পর চীনা দূতাবাসের প্রতিবাদের মুখে সেই পোস্ট মুছে ফেলা এবং গাজীপুরের একটি ঘটনা নিয়ে জামায়াতের আমিরের দেওয়া বক্তব্য পরবর্তীতে সরিয়ে নেওয়ার বিষয়গুলোও কঠোরভাবে প্রশ্নবিদ্ধ করেন তিনি। ফ্যাসিবাদী আন্দোলনের দোসর ও জুলাই গণ-অভ্যুত্থানের বিরোধিতাকারীরা কীভাবে জামায়াতে যোগ দিয়ে রাতারাতি জুলাইযোদ্ধা হয়ে উঠছেন, সে বিষয়ে দলটিকে সুনির্দিষ্ট জবাব দেওয়ার আহ্বান জানান মো. তারেক রহমান।


























