নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি মহিলা মাদ্রাসার ছাদে বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার ঘটনায় জিদনী (১৪) নামের আরও এক চিকিৎসাধীন কিশোরী মারা গেছে। বুধবার সকালে ঢাকা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
হাসপাতাল সূত্রে জানা যায়, মৃত জিদনীর শরীরের প্রায় ৮২ শতাংশ পুড়ে গিয়েছিল। এর আগে একই ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় আতিয়া আক্তার (১১) নামের আরেক শিক্ষার্থীর মৃত্যু হয়। গত শনিবার বিকেলে ফতুল্লার কাশিপুর হাজীপাড়া এলাকার মাহেলা খাতুন মহিলা মাদ্রাসার ছাদে খেলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পাঁচ ছাত্রী গুরুতর দগ্ধ হয়।
বর্তমানে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে বাকি আহত শিক্ষার্থীরা চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকরা তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন এবং তাদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।


























