যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া বাজার এলাকা থেকে ২৬টি স্বর্ণের বারসহ রিপন হোসেন (৪১) নামের এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার করা এসব স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ৭ কোটি ৬৭ লাখ টাকা।
মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি বিশেষ দল বাগআঁচড়া বাজারের একটি সুপার মার্কেটে অভিযান চালায়। এ সময় তল্লাশি চালিয়ে ৩ কেজি ৪৩৮ গ্রাম ওজনের ২৬টি স্বর্ণের বার এবং পাচারকাজে ব্যবহৃত মোটরসাইকেল ও মোবাইল ফোন জব্দ করা হয়।
খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের পর তাকে শার্শা থানায় সোপর্দ করা হয়েছে। উদ্ধারকৃত স্বর্ণ সরকারি ট্রেজারি শাখায় জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।


























