পাবনায় নাশকতার পরিকল্পনা ও মিছিলের প্রস্তুতির সময় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সুজানগর উপজেলা সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আব্দুল ওহাবসহ ১৫ নেতাকর্মীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বুধবার সকালে পাবনা শহরের আব্দুল হামিদ রোডের ইন্দিরা মোড় এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতদের মধ্যে আব্দুল ওহাবের পরিচয় নিশ্চিত হওয়া গেলেও অন্যদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
পাবনা জেলা ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম আটকের সত্যতা নিশ্চিত করে জানান, তারা মাইক্রোবাসে করে শহরে নাশকতার পরিকল্পনা নিয়ে এসেছিলেন এবং মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন। পরে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পাবনা সদর থানায় পাঠানো হয়।
পুলিশ সূত্র জানায়, এর আগেও বিভিন্ন সময়ে এই আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হয়েছিল এবং জামিনে মুক্ত হয়ে তিনি এলাকায় সাংগঠনিক কার্যক্রম পুনরায় চালুর চেষ্টা করছিলেন।


























