জনপ্রিয় পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমির ‘মুক পেয়ার হুয়া থা’, ‘মেরে হামসফর’, ‘সাং-এ-মাহ’, ‘আন্না’ ও ‘দিলরাবা’র মতো নাটকে অভিনয়ের মাধ্যমে দর্শকদের হৃদয়ে স্থান করে নিয়েছেন। তিনি পাকিস্তানের গণ্ডি পেরিয়ে বাংলাদেশেও ভক্ত-অনুরাগীদের মাঝে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন।

হানিয়াকে সর্বশেষ ফাহাদ মোস্তফার বিপরীতে ‘কভি মে কভি তুম’ নাটকে দেখা গিয়েছিল, যা ২০২৪ সালের নভেম্বরে শেষ হয়েছিল। এরপর তিনি প্রায় এক বছর নাটক থেকে বিরতি নেন এবং এই সময়ে তার প্রথম ভারতীয় পাঞ্জাবি চলচ্চিত্র ‘সর্দারজি ৩’-এ মনোযোগ দেন, যেখানে তিনি দিলজিৎ দোসাঞ্জের সহ-অভিনেত্রী ছিলেন।
দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে হানিয়া আমির এবার টিভি নাটকে ফিরছেন। ‘মেরি জিন্দেগি হ্যায় তু’ শিরোনামের এই নাটকে তিনি প্রথমবারের মতো বিলাল আব্বাস খানের সঙ্গে জুটি বাঁধছেন। নাটকটি পরিচালনা করেছেন মুসদ্দিক মালিক এবং লিখেছেন রাদাইন শাহ্।

রোমান্টিক-কমেডি ঘরানার এই নাটকটির প্রিমিয়ারের তারিখ ঘোষণা করা হয়েছে। পাকিস্তানি গণমাধ্যমের এক প্রতিবেদন অনুসারে, নাটকটি আগামী ৭ নভেম্বর মুক্তি পাবে। এটি প্রতি শুক্র ও শনিবার রাত ৮টায় সম্প্রচারিত হবে।
প্রায় দশ মাস অপেক্ষার পর নির্মাতারা গত সপ্তাহে বহু প্রতীক্ষিত এই নাটকের প্রথম টিজার প্রকাশ করেন। ইতোমধ্যে নাটকটির দুটি প্রমো প্রকাশ পেয়েছে, যা ভক্তদের নজর কেড়েছে।
















