রাঙামাটির কাপ্তাইয়ে ভারতীয় মালামালসহ আটক দুই চোরাকারবারিকে বিজিবির হেফাজত থেকে ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি) জানিয়েছে, গত রোববার শতাধিক মানুষের একটি সংঘবদ্ধ দল বিজিবি টহল দলের ওপর হামলা চালিয়ে তাদের ছিনিয়ে নেয়।
ঘটনার বিবরণে জানা যায়, রোববার বিকেল সোয়া ৪টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিজিবি ক্যাম্পের নায়েব সুবেদার মো. লিয়াকত আলীর নেতৃত্বে একটি দল দুমদুমিয়া চেকপোস্টে তল্লাশি চালায়। এ সময় ভারতীয় মালামালসহ দুই ব্যক্তিকে আটক করা হয়। পরে তাদের রাজস্থলী থানায় হস্তান্তরের উদ্দেশ্যে নিয়ে যাওয়ার সময় সন্ধ্যা ৬টার দিকে ক্যাম্পসংলগ্ন এলাকায় দেড় শতাধিক মানুষের একটি দল অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা নারীদের মানবঢাল হিসেবে ব্যবহার করে আটককৃতদের ছিনিয়ে নেয়।
কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাওসার মেহেদী জানান, ঘটনার পর ওই এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। ছিনিয়ে নেওয়া ব্যক্তিদের পুনরায় আটক এবং হামলার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। তিনি আরও বলেন, দেশের সীমান্ত সুরক্ষা ও চোরাচালান দমনে বিজিবির কঠোর অবস্থান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


























