জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক মো. নূরুল ইসলাম। শনিবার (২৬ সেপ্টেম্বর) রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্যের অনুমোদনক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।
শিক্ষা মন্ত্রণালয় প্রকাশিত প্রজ্ঞাপন অনুযায়ী, অধ্যাপক নূরুল ইসলামকে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্য পদ থেকে অব্যাহতি প্রদানপূর্বক ‘জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আদেশ, ১৯৭৩’-এর ১১(১) ধারা অনুযায়ী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে পদায়ন করা হয়েছে। শর্তানুসারে, যোগদানের তারিখ থেকে পরবর্তী চার বছর অথবা অবসর গ্রহণের নির্ধারিত তারিখের মধ্যে যেটি আগে আসে—সেই সময় পর্যন্ত তিনি এই পদে বহাল থাকবেন।
নতুন উপাচার্য বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতা এবং বিধি অনুযায়ী পদসংশ্লিষ্ট অন্যান্য সুবিধাদি ভোগ করবেন। প্রজ্ঞাপনে বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে উপাচার্যকে সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করার নির্দেশনা দেওয়া হয়েছে। তবে প্রয়োজনবোধে রাষ্ট্রপতি ও চ্যান্সেলর যেকোনো সময় এই নিয়োগ আদেশ বাতিলের এখতিয়ার সংরক্ষণ করবেন বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।


























