বগুড়া-২ আসনের সংসদ সদস্য এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলমের বিরুদ্ধে মেগা লুটপাট, চাঁদাবাজি ও টেন্ডারবাজির গুরুতর অভিযোগ তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বারতায় সারজিস আলম দাবি করেন, সাধারণ মানুষ মীর শাহে আলমকে ‘নতুন হাওয়া ভবনের ম্যানেজার’ হিসেবে আখ্যায়িত করছে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দেওয়া ওই ফেসবুক বার্তায় সারজিস আলম অভিযোগ করেন, দলীয় টেন্ডারবাজি, চাঁদাবাজি এবং মেগা লুটপাটের ভাগ-বাটোয়ারা উক্ত প্রতিমন্ত্রীর হাত দিয়েই পরিচালিত হচ্ছে। একই সঙ্গে নামসর্বস্ব প্রতিষ্ঠান তৈরি করে ব্যাংক ও সরকারি টেন্ডার হাতিয়ে নেওয়ার প্রক্রিয়া চলছে বলেও তিনি দাবি করেন।
সারজিস আলম আরও বলেন, দীর্ঘ ১৭ বছর রাজপথে নির্যাতিত ও ত্যাগী বিএনপি নেতারা নবাগত মীর শাহে আলমের বিভিন্ন কর্মকাণ্ডে অতিষ্ঠ হয়ে পড়েছেন এবং যেকোনো সময় তাদের সেই ক্ষোভের বিস্ফোরণ ঘটতে পারে। অতীতের ধারাবাহিকতায় দলগতভাবে দুর্নীতি সংঘটিত হলে তিনি মীর শাহে আলমকে সেই প্রক্রিয়ার মূল রূপকার বলে অভিহিত করেন।
তবে সামাজিক যোগাযোগমাধ্যমে উত্থাপিত এসব গুরুতর অভিযোগের সপক্ষে কোনো নথি বা প্রামাণ্য দলিল উপস্থাপন করেননি সারজিস আলম। এছাড়া তাঁর আনা এসব অভিযোগের বিষয়ে প্রতিমন্ত্রী মীর শাহে আলমের কোনো মন্তব্য বা বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।


























