রাজধানীর মোহাম্মদপুরের ঢাকা উদ্যান এলাকায় চলন্ত লেগুনা থেকে পড়ে সাগর (১৫) নামের এক কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। স্পিড ব্রেকোর পার হওয়ার সময় তীব্র ঝাঁকুনিতে লেগুনার পেছনে ঝুলে থাকা সাগর রাস্তায় ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পায়।
নিহত সাগর পরিবারের সঙ্গে মোহাম্মদপুরের ঢাকা উদ্যানের ১৬ তলা ভবনের পাশের একটি বাসায় থাকত। তার বাবার নাম ফিরোজ। সে আগে বিভিন্ন কাজ করলেও বর্তমানে বেকার ছিল।
হাসপাতালে নিয়ে যাওয়া প্রতিবেশী মো. ইব্রাহিম জানান, দুর্ঘটনার শিকার লেগুনার চালক রিফাত সাগরের পরিচিত। সাগর লেগুনার পেছনে ঝুলে যাওয়ার সময় স্পিড ব্রেকোরের ঝাঁকুনিতে নিচে পড়ে মাথায় মারাত্মক রক্তাক্ত জখম হয়। তাকে দ্রুত শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরবর্তীতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. সেলিম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, আইনি প্রক্রিয়া শেষে সাগরের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে এবং সংশ্লিষ্ট থানাকে বিষয়টি অবহিত করা হয়েছে।


























