নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার রামচন্দ্রদী এলাকায় একটি পুকুরে দুর্বৃত্তদের দেওয়া বিষে প্রায় আড়াই লাখ টাকার মাছ মারা গেছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত মঙ্গলবার রাতের কোনো একসময়ে এই নাশকতার ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, রামচন্দ্রদী গ্রামের আব্দুস সাত্তারের প্রায় ৬০ শতাংশ আয়তনের ওই পুকুরে রাতের আঁধারে কে বা কারা বিষ প্রয়োগ করে। পরদিন সকালে পুকুরের বিভিন্ন প্রজাতির মরা মাছ পানিতে ভেসে উঠতে দেখেন স্থানীয়রা।
পুকুরের মালিক আব্দুস সাত্তার জানান, রাতের অন্ধকারে পরিকল্পিতভাবে এই ক্ষতিসাধন করা হয়েছে। এদিকে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সবজেল হোসেন জানিয়েছেন, এ বিষয়ে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


























