শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী এহছানুল হক মিলনের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত কানাডার হাইকমিশনার অজিত সিংয়ের নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করেছে। বৃহস্পতিবার সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়, বিশেষ করে শিক্ষা খাতের আধুনিকায়ন, দক্ষ মানবসম্পদ তৈরি এবং কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সম্প্রসারণ নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
এ সময় শিক্ষামন্ত্রী ক্রস-বর্ডার এডুকেশন, তৃতীয় ভাষা শিক্ষা এবং কৃত্রিম বুদ্ধিমত্তার মতো আধুনিক বিষয়গুলোর ওপর গুরুত্বারোপ করেন এবং এ বিষয়ে সরকারের ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরেন।
কানাডার হাইকমিশনার শিক্ষা ও মানবসম্পদ উন্নয়ন খাতে বাংলাদেশের সঙ্গে অংশীদারত্ব আরও জোরদার করতে এবং সহযোগিতার ক্ষেত্র প্রসারিত করার বিষয়ে তাদের গভীর আগ্রহের কথা পুনর্ব্যক্ত করেন।


























