আগামীকাল শুক্রবার, ৩০ অক্টোবর, শিশুদের ইংরেজি বানান প্রতিযোগিতা ‘শাহীন শিক্ষা পরিবার-স্পেলিং স্টার ২০২৬’ এর সিজন-ওয়ান একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে শুরু হচ্ছে। প্রথম দিন সন্ধ্যা ৬টা ২৫ মিনিটে বিভাগীয় রাউন্ডের প্রথম পর্ব প্রচারিত হবে, যেখানে খুলনা, বরিশাল, রাজশাহী ও রংপুর বিভাগের প্রতিযোগীরা অংশ নেবে।
দেশের বাংলা মাধ্যমের স্কুল ও মাদ্রাসার চতুর্থ ও পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত এই প্রতিযোগিতাটি প্রতি শুক্র ও রবিবার সন্ধ্যা ৬টা ২৫ মিনিটে প্রচারিত হবে। ‘শাহীন শিক্ষা পরিবার’ এর যৌথ আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে ‘স্পেলিং স্টার ২০২৬’।
গত আগস্ট মাসে সারা দেশে প্রতিযোগিতার প্রাথমিক বাছাই পর্ব অনুষ্ঠিত হয়। সেখান থেকে বিভাগীয় পর্যায়ের জন্য ৪০০ শিক্ষার্থী নির্বাচিত হয়। দেশের আট বিভাগে অনুষ্ঠিত বিভাগীয় রাউন্ডের মাধ্যমে চূড়ান্ত পর্বের জন্য ১০০ জন প্রতিযোগী নির্বাচিত হবে। এই ১০০ জন প্রতিযোগীকে নিয়ে শুরু হবে পরবর্তী ধাপের লড়াই, যা বিভিন্ন পর্বের মাধ্যমে ধাপে ধাপে সেরা প্রতিযোগীদের নির্বাচন করবে এবং শেষ পর্যন্ত ‘স্পেলিং স্টার ২০২৬’ এর চ্যাম্পিয়ন নির্ধারিত হবে।
প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন পুরস্কার হিসেবে পাবে তিন লাখ টাকা, প্রথম রানার-আপ দুই লাখ এবং দ্বিতীয় রানার-আপ এক লাখ টাকা। চতুর্থ ও পঞ্চম স্থান অধিকারী প্রত্যেকে ৫০ হাজার টাকা করে পাবে। এছাড়াও সেরা ১০-এ স্থান পাওয়া প্রত্যেক প্রতিযোগীকে একটি করে ল্যাপটপ দেওয়া হবে।
শিশুদের ইংরেজি বানান দক্ষতা বৃদ্ধি, ভাষাগত ও যোগাযোগের সক্ষমতা উন্নয়ন এবং সুস্থ প্রতিযোগিতার মাধ্যমে মেধা বিকাশের সুযোগ তৈরি করাই এই আয়োজনের মূল লক্ষ্য। একই সাথে শিক্ষার্থীদের মধ্যে আত্মবিশ্বাস, দ্রুত চিন্তা করার ক্ষমতা এবং ইংরেজি ভাষার প্রতি আগ্রহ বাড়াতে প্রতিযোগিতাটি ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
আয়োজকদের প্রত্যাশা, ‘স্পেলিং স্টার ২০২৬’ শুধু একটি বানান প্রতিযোগিতায় সীমাবদ্ধ থাকবে না; বরং দেশের বিভিন্ন প্রান্তের মেধাবী শিশুদের প্রতিভা বিকাশের একটি জাতীয় প্ল্যাটফর্ম হয়ে উঠবে। বাংলা মাধ্যমের স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য ইংরেজি ভাষায় দক্ষতা প্রদর্শনের পাশাপাশি নিজেদের মেধা ও যোগ্যতা তুলে ধরার সুযোগ তৈরি করবে এই আয়োজন।


























