বান্দরবানের লামা উপজেলায় পূর্বশত্রুতার জের ধরে এক কৃষকের বাগানের ২৬০টি ফলন্ত কলা ও সুপারিগাছ কেটে বিনষ্ট করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। একই সঙ্গে জমিতে থাকা সীমানা পিলার, বাঁশের বেড়া উপড়ে ফেলাসহ প্রায় ২০ শতক জমির ফসল ধ্বংস করা হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী কৃষক প্রতিপক্ষ আব্দুর রহিমসহ অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে স্থানীয় পুলিশ ক্যাম্পে লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার ফাইতং ইউনিয়নের দুর্গম পাহাড়ি হরিণখাইয়া পাড়ায় সাড়ে তিন একর জমি ১৯৮৫ সালে ক্রয়সূত্রে মালিক হয়ে ভোগদখল করছিলেন প্রয়াত আব্দুল করিম। তাঁর মৃত্যুর পর ওয়ারিশ হিসেবে ছেলে মুহা. আরিফ উল্লাহ জমিটিতে ফলদ ও বনজ বাগান গড়ে তুলে দেখভাল করে আসছেন। তবে ২০২৪ সাল থেকে প্রতিবেশী আব্দুর রহিমের পরিবারের সঙ্গে জমিটি নিয়ে বিরোধের সূত্রপাত হয়।
ভুক্তভোগীর দাবি, বিরোধের জেরে আব্দুর রহিমের নির্দেশে একদল লোক রাতের আঁধারে জমিতে অনধিকার প্রবেশ করে ৫০টি সীমানা পিলার ও বেড়া উপড়ে ফেলে। এরপর ২০০টি ফলন্ত কলাগাছ, ৬০টি সুপারিগাছ এবং ২০ শতক জমির শাকসবজি কেটে ধ্বংস করা হয়। এতে তাঁর বড় অঙ্কের আর্থিক ক্ষতি হয়েছে। এর আগেও খামারঘর ভাঙচুরের ঘটনায় আদালতে মামলা চলমান রয়েছে। ঘটনার বিষয়ে তদন্ত সাপেক্ষে দ্রুত আইনগত পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন ক্ষতিগ্রস্ত কৃষক।


























