শিক্ষার্থী ভর্তির হার অত্যন্ত কম হওয়ায় দেশের ২৫টি সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের (টিএসসি) দ্বিতীয় শিফটের শিক্ষা কার্যক্রম আগামী শিক্ষাবর্ষ থেকে সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।
কারিগরি শিক্ষা অধিদপ্তর মঙ্গলবার এক আদেশে এই তথ্য জানায়। আদেশে বলা হয়, বিগত তিন বছরে তালিকাভুক্ত ২৫টি সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে দ্বিতীয় শিফটে শিক্ষার্থী ভর্তির হার সন্তোষজনক নয়, এমনকি কিছু ক্ষেত্রে ভর্তির সংখ্যা একেবারেই শূন্য। পাশাপাশি, এই প্রতিষ্ঠানগুলোতে প্রথম শিফটেও ছাত্র-ছাত্রী ভর্তির হার বেশ কম। সার্বিক পরিস্থিতি বিবেচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আদেশে আরও উল্লেখ করা হয়, তালিকাভুক্ত ২৫টি প্রতিষ্ঠানে আগামী শিক্ষাবর্ষ বা সেশন থেকে দ্বিতীয় শিফটের শিক্ষা কার্যক্রম সাময়িকভাবে স্থগিত থাকবে। তবে ভবিষ্যতে ছাত্র-ছাত্রী ভর্তি বৃদ্ধি সাপেক্ষে এই শিফটগুলো পুনরায় চালুর বিষয়টি বিবেচনা করা হবে।
এছাড়া, স্থগিতকৃত ২৫টি প্রতিষ্ঠানের দ্বিতীয় শিফটে কর্মরত জনবলকে যেসব প্রতিষ্ঠানে দ্বিতীয় শিফট চালু রয়েছে, সেখানে বদলি বা পদায়ন করা হবে, যাতে মানসম্মত পাঠদান নিশ্চিত করা যায়।
দ্বিতীয় শিফট স্থগিত হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে— জয়পাড়া, টাঙ্গাইল, মাদারীপুর, গোপালগঞ্জ, শরীয়তপুর, চাঁদপুর, লক্ষ্মীপুর, ভৈরব, বান্দরবান, পিরোজপুর, ঝালকাঠি, ভোলা, পটুয়াখালী, বরগুনা, বাগেরহাট, সাতক্ষীরা, নড়াইল, হোসেনাবাদ, ঝিনাইদহ, শেরপুর, মৌলভীবাজার, নওগাঁ, নাটোর, জয়পুরহাট এবং সিরাজগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ।


























