বাগেরহাটের মোংলায় চোরাই মালামালসহ স্থানীয় লোকজনের হাতে আটক দুই যুবককে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করেছেন আদালত। সংক্ষিপ্ত বিচারপ্রক্রিয়ার মাধ্যমে সোমবার তাদের এই সাজা দেওয়া হয়।
দণ্ডপ্রাপ্ত আসামিদের মধ্যে একজনকে এক বছরের সশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা এবং অপরজনকে ছয় মাসের সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে উভয়কেই আরও এক মাস করে অতিরিক্ত সশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।
পুলিশ সূত্রে জানা যায়, গত রোববার গভীর রাতে মোংলা পৌরসভার রিজেকশন গলি এলাকা থেকে চোরাই বিভিন্ন সরঞ্জামসহ ওই দুই যুবককে আটক করেন স্থানীয় বাসিন্দারা। পরে খবর পেয়ে মোংলা থানা-পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাদের নিজেদের হেফাজতে নেয়। সোমবার সকালে তাদের আদালতে সোপর্দ করা হলে বিচারক এই রায় দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন মো. শাকিল হাওলাদার (২২), পিতা মো. শামীম হাওলাদার এবং মো. আবুল হোসেন (২৩), পিতা মো. আমজাদ হোসেন। তাদের কাছ থেকে একটি গ্রেডিং মেশিন, একটি সেলাই রেঞ্জ, একটি মাঙ্কি রেঞ্জ, পাঁচটি এল-রেঞ্জ এবং ৪৮ ইঞ্চি লম্বা একটি ওয়েল্ডিং ক্যাবল জব্দ করা হয়েছে।
এ বিষয়ে মোংলা-রামপাল সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. রেফাতুল ইসলাম জানান, এলাকায় চুরি, মাদক ও অন্যান্য অপরাধের বিরুদ্ধে পুলিশের অবস্থান অত্যন্ত কঠোর। অপরাধ করে কেউ আইনের হাত থেকে রেহাই পাবে না। অপরাধ দমনে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।


























